অনলাইন ডেক্স:
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, জনশুমারি ও গৃহগণনা সরকার মিশন হিসেবে নিয়েছে। দেশের জনসংখ্যা সম্পর্কে আমাদের বৈজ্ঞানিক ধারণা থাকলেও আসলে দেশে জনসংখ্যা কতো তা জাতি ও সরকারকে জানাতে বাস্তবিক গণনা দরকার। তাই এক্ষেত্রে পরিসংখ্যান কর্মকর্তাসহ সবাইকে সহযোগিতা করতে হবে। সবার সহযোগিতা ছাড়া এ পরিকল্পনা কোনভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়।
সোমবার বিকালে নগরীর ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আগামী মাসের ১৫ থেকে ২১ জুন প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা বিষয়ক মতবিনিময় কর্মশালা ও পাইলটিং কার্যক্রম উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনশুমারি ও গৃহগণনা ক্ষেত্রে চার লাখ ডিজিটাল মেশিন রয়েছে। এসব পরিচালনার জন্য বিশাল কর্মী বাহিনীও প্রস্তুত। তবে মেশিন সঠিকভাবে ব্যবহার করে সংরক্ষণ করতে হবে।তিনি আরো বলেন, আমাদের কাছে এমন প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে মুহূর্তের মধ্যেই দেশের জনসংখ্যা কত জানা সম্ভব। তবে এ কার্যক্রম পরবর্তীতে করা হবে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা
বিভাগের এনডিসি সচিব ড. শাহনাজ আরেফিন, সিটি করপোরেশনের মেয়র ইকরামূল হক টিটু, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, ডিআইজি হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক প্রমুখ। পরে একটি বাসায় গিয়ে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।
কাকনের আলো/তরিকুল ইসলাম








No comments:
Post a Comment